Image description

চ্যাম্পিয়ন্স লিগে বিতর্কিত আচরণের জেরে আর্জেন্টিনার তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নিকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।

 

শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির নিয়ন্ত্রণ, নৈতিকতা ও শৃঙ্খলা কমিটি এ সিদ্ধান্ত জানায়।

 

গত ১৭ ফেব্রুয়ারি বেনফিকা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে এই ঘটনা ঘটে। অভিযোগ, ম্যাচ চলাকালে রিয়ালের তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে বৈষম্যমূলক ও অপমানজনক মন্তব্য করেন প্রেস্টিয়ান্নি। তদন্ত শেষে সেই অভিযোগের প্রমাণ পাওয়ায় শাস্তি দিয়েছে উয়েফা।

 

তবে ছয় ম্যাচের পুরো নিষেধাজ্ঞা একসঙ্গে কার্যকর হচ্ছে না। এর মধ্যে তিন ম্যাচ তাকে অবিলম্বে ভোগ করতে হবে। বাকি তিন ম্যাচ দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে একই ধরনের অপরাধ করলে সেই স্থগিত নিষেধাজ্ঞাও কার্যকর হবে।

 

 

উয়েফা আরও জানিয়েছে, এই শাস্তির মধ্যে ইতোমধ্যে খেলা একটি সাময়িক নিষেধাজ্ঞার ম্যাচও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এদিকে ফিফার কাছে এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করার অনুরোধ জানিয়েছে উয়েফা। সেটি অনুমোদিত হলে আন্তর্জাতিক ম্যাচসহ বিশ্বকাপেও তার খেলার সুযোগ ঝুঁকিতে পড়তে পারে।