Image description

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ২২ বছর বয়সি এক চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক ও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ভুক্তভোগীর অভিযোগ পেয়ে শুক্রবার (২৪ এপ্রিল) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন আপ্রুমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও ওকরাইজা মারমা।

 

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত। ইপিজেড এলাকায় সহকর্মীদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। গত ১০ এপ্রিল তার এক পরিচিত ব্যক্তি চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম এসে ওই বাসায় অবস্থান নেন।

 

এই ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল রাতে অভিযুক্তরা ওই তরুণীকে ‘জিজ্ঞাসাবাদের’ কথা বলে স্থানীয় একটি বাসায় নিয়ে যান। সেখানে তার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং একপর্যায়ে তাকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন।

 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছি। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।