Image description

চাঁদা আদায়কে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল থেকে একটি শ্রমিক সংগঠনের সদস্যরা কর্মবিরতি শুরু করায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা বাস থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের চাঁদা তোলার প্রতিবাদে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি পালন করছেন। দুটি সংগঠনই বাস থেকে চাঁদা আদায় করে। এ নিয়ে সংগঠন দুটির মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা বাসস্ট্যান্ড থেকে গাড়িপ্রতি ৩০ টাকা হারে সার্ভিস চার্জ নিয়ে আসছেন বহু বছর ধরে। কিন্তু তাঁদের সংগঠন থেকে বের হয়ে যাওয়া ৫৪ জনের একটি গ্রুপ ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ নামে একটি সংগঠন করে বাইরে থেকে চাঁপাইনবাবগঞ্জে ঢোকা বাস আটকে চাঁদা তুলছে, যা নিয়মের বাইরে। এর প্রতিবাদে তাঁরা কর্মবিরতিতে আছেন। জেলায় তাঁদের সদস্যসংখ্যা সাত হাজার।

তবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রউফ জুলমত সাংবাদিকদের বলেন, তাঁরা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছেন। কিন্তু জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানের পাশাপাশি বাস থেকে চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেওয়ার অনুমতি ওই সংগঠনের নেই।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, দুই সংগঠনের বিরোধ মেটাতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিল। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থানের জন্য সমঝোতা করা সম্ভব হয়নি। তাঁরা বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন। তিনি বলেন, শ্রমিক সংগঠনের দুই পক্ষকেই বলা হয়েছে, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না।