Image description

ইসরায়েলের ইতিহাসে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এই ব্যাধির চিকিৎসা নিচ্ছেন। 

৭৬ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করিয়েছিলেন। সে সময় অস্ত্রোপচারের কথা জানানো হলেও ক্যানসারের বিষয়টি গোপন রাখা হয়েছিল। তবে বর্তমান পরীক্ষায় তার শরীরে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি এবং তিনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত বলে জানিয়েছেন।

নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেছিলেন। রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় এবং তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে না পড়ায় চিকিৎসার মাধ্যমে তা নির্মূল করা সম্ভব হয়েছে। এই তথ্য গোপন রাখার বিষয়ে তিনি দাবি করেন, ইরান ও তার মিত্ররা যেন এই খবরকে ইসরায়েলের দুর্বলতা বা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন।