অনুষ্ঠানের সঞ্চালনা নিয়ে দুই পক্ষের মারামারিতে পণ্ড হয়ে গেছে সুনামগঞ্জের ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক জেলা সম্মেলন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দিরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দিরে জেলা ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠেনের কেন্দ্রীয় মহাসচিব বিজয় কৃষ্ণ গোস্বামী।
জেলা ব্রাহ্মণ সংসদের আহ্বায়ক নারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অশোক কুমার গোস্বামী। অনুষ্ঠানের সঞ্চালনা নিয়ে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। এতে সম্মেলন ও অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
জেলা ব্রাহ্মণ সংসদের আহ্বায়ক নারায়ন চক্রবর্তী বলেন, অনুষ্ঠান সঞ্চালনা নিয়ে হঠাৎ করে একটি পক্ষ এসে ঝামেলা শুরু করে। তাদের আমরা চিনি না। ঝামেলার কারণে সম্মেলন ও অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, জেলা ব্রাহ্মণ সংসদের অনুষ্ঠানে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দুই পক্ষকেই মন্দির থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সংগঠনের কমিটি গঠন স্থগিত রাখার জন্য অনুরোধ করা হয়েছে।