নাটোরের সিংড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিরাজুল ও কালাম গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন।
আহতরা হলেন সিরাজুল গ্রুপের সিরাজুল, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ আরও কয়েকজন এবং কালাম গ্রুপের হাসি, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ আরও কয়েকজন রয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি।