Image description

সরকার যদি জনগণের কথা বলার অধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত না করে, তাহলে আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন- বলে মন্তব্য করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগ দেওয়া বিএনপি নেতা ইসহাক সরকার। 

আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

ইসহাক সরকার বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজ কথা বলার অধিকার পেয়েছি। কিন্তু যদি দেখি বর্তমান শাসকগোষ্ঠী আবার ফ্যাসিবাদের পথে হাঁটে, তাহলে আমরা আবার রাজপথে নামতে দেরি করব না।’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন, কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। নতুবা আমরা রাজপথে নামতে বাধ্য হব।’

তিনি বলেন, ‘আমার পরিবারের ওপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। তারপরও আমার কারো প্রতি কোনো অভিমান নেই। এনসিপির মাধ্যমে আমি নতুনভাবে বুঝতে পেরেছি—এই দেশের জনগণের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আজ যদি স্বৈরাচারী শাসন টিকে থাকত, তাহলে হয়ত আমরা বেঁচে থাকতাম না বা শাস্তির মুখোমুখি হতাম। এনসিপির কারণে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।’

দেশের মানুষ এখনও এনসিপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘এনসিপি যদি সক্রিয় থাকে, তাহলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে। আর যদি আমরা নিষ্ক্রিয় হয়ে যাই, তাহলে আবার অন্ধকার নেমে আসবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের আবার রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। ভুলে যাবেন না—এদেশের মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন না হলে, আন্দোলনের মাধ্যমে সেই পরিবর্তন আনতে আমরা প্রস্তুত। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আবার লড়াইয়ে নামব।’

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সারাজীবন সততার সঙ্গে রাজনীতি করেছি। আমাকে যে দায়িত্বই দেওয়া হোক, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। প্রয়োজনে এই দায়িত্ব পালন করতে গিয়ে জীবন বিসর্জন দিতেও প্রস্তুত আছি।’