হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জ্বালানিবাহী জাহাজগুলো থেকে টোল নেওয়া শুরু করেছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবায়ি জানিয়েছেন, হরমুজ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ইরানের আরোপিত টোল থেকে প্রাপ্ত প্রথম পর্যায়ের আয় রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ইরানের পশ্চিমাঞ্চলীয় কুহদাশতে এক জনসভায় দেওয়া বক্তব্যে এ ঘোষণা দিয়েছেন হাজিবাবায়ি।
তিনি জানান, হরমুজ প্রণালির ওপর এখন ইরানের একক আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই অবরোধ ফাঁকি দিয়ে তেলসমৃদ্ধ দেশটি তাদের তেল রপ্তানি ঠিকই চালিয়ে নিচ্ছে। অবরোধের মধ্যেও বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিশ্ববাজারে পাঠাতে সক্ষম হয়েছে তেহরান।
ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ভোর্টেক্সার দেওয়া সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ১৩ থেকে ২১ এপ্রিলের মধ্যে প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল ইরানি তেল হরমুজ প্রণালি পার হয়েছে।
ভোর্টেক্সা জানিয়েছে, ছয়টি বিশাল তেলবাহী জাহাজের মাধ্যমে এই বিপুল পরিমাণ তেল রপ্তানি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজর এড়াতে জাহাজগুলো তাদের ‘এআইএস’ বা অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রেখেছিল। ফলে রাডারের চোখ এড়িয়ে নিঃশব্দে এগুলো অবরোধ এলাকা পার হয়ে যায়।