Image description

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই ছবিতে দেখা যায়, রামদা হাতে অবস্থান করছেন এক যুবক। খোঁজ নিয়ে জানা গেছে, ওই যুবকের নাম মির্জা ফারুক। তিনি চট্টগ্রাম ওমর গনী এমইএস কলেজ ছাত্রদলের বর্তমান সদস্য সচিব।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রাফিতিতে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ লিখে দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষ চলাকালীন মির্জা ফারুককে দেশীয় অস্ত্র হাতে মারমুখী অবস্থায় দেখা যায়, যা পরে ক্যামেরাবন্দি হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলে মির্জা ফারুক ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

 

ঘটনার পর থেকেই মির্জা ফারুক গা-ঢাকা দিয়েছেন। ভাইরাল হওয়া ছবির বিষয়ে মন্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

 

ওমর গনী এমইএস কলেজ ছাত্রদলের সদস্য সচিবমির্জা ফারুকের পোস্টার। ছবি: সংগৃহীত
ওমর গনী এমইএস কলেজ ছাত্রদলের সদস্য সচিবমির্জা ফারুকের পোস্টার। ছবি: সংগৃহীত

 

 

এদিকে, বিষয়টিকে ‘আত্মরক্ষা’ হিসেবে দাবি করছেন স্থানীয় ছাত্রদল নেতারা। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন বলেন, ‘ছবিটি ঠিক কোন পরিস্থিতিতে তোলা হয়েছে, তা আমার জানা নেই। তবে ওইদিন শিবিরের সন্ত্রাসীরা হঠাৎ সশস্ত্র হামলা চালিয়েছিল। সেই পরিস্থিতিতে আত্মরক্ষার্থে হয়তো আশপাশে যা পেয়েছেন, তা দিয়েই প্রতিরোধের চেষ্টা করেছেন। ছবিটি ওই সময়ের হতে পারে।’

 

কয়েক দিন ধরেই চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল ও শিবিরের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল, যা মঙ্গলবার সিটি কলেজে এসে সংঘর্ষে রূপ নেয়। জনসমক্ষে এভাবে দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।