রাজবাড়ীর কালুখালীতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে একই পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক। আর অভিযুক্তের নাম জাহিদ।
মদাপুর ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ আহমেদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করছিলেন। এসময় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদ মেম্বার জরুরি কথা বলার জন্য চেয়ারম্যান মদনকে কক্ষের বাইরে ডাকেন। পরে বাইরে আসামাত্র তাকে চড়-থাপ্পড় মারেন জাহিদ। এসময় চকিদার ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে এলে অভিযুক্ত জাহিদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ওবাইদুল কবির কুন্নু বলেন, গ্রাম আদালত চলছিল। হঠাৎ জাহিদ মেম্বার চেয়ারম্যানকে ডেকে নিয়ে চড়-থাপ্পড় মারেন।
ভুক্তভোগী চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক অভিযোগ করে বলেন, অভিযুক্ত জাহিদ একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে আমার কাছে অর্থ দাবি করে আসছিল।
ভুক্তভোগী চেয়ারম্যান জানান, এ ঘটনায় কালুখালী থানায় লিখিত তিনি অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত জাহিদের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি দুঃখজনক। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।