জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজে থেকে কোনো মনোনয়ন চাননি বলে জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, ‘আমি আফরোজা আব্বাস—মির্জা আব্বাস-এর স্ত্রী, এটাই আমার পরিচয়। সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন প্রচারিত তথ্যের প্রেক্ষাপটে কিছু বিষয় পরিষ্কার করতে চাই। প্রথমেই জানাতে চাই, আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি।’
তবে তাকে এ প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
নিজের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে তিনি বলেন, এ ধরনের ভিত্তিহীন প্রচারণা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
স্বামী মির্জা আব্বাসের অসুস্থতার প্রসঙ্গ তুলে আফরোজা আব্বাস বলেন, এই সময়টি আমার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত কঠিন। তার অসুস্থতার কারণে আমি মানসিকভাবে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। বর্তমানে আমার একমাত্র অগ্রাধিকার তার সুস্থতা নিশ্চিত করা।
একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন তারা যেন নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখেন। নির্বাচিতদের প্রতি প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, তাদের প্রতিটি পদক্ষেপের দিকে দেশের অসংখ্য কিশোরী তাকিয়ে আছে।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, দলমত নির্বিশেষে দেশের সব নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার ও নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব।