Image description

জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও ব্ল্যাকমেইলের অভিযোগে দায়ের করা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

এদিন আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী জহিরুল ইসলাম। তিনি বলেন, বিজ্ঞ আদালতে আজ জামিন চেয়ে আমরা আবেদন করি। আদালত সন্তুষ্ট হয়ে তাকে জামিন মঞ্জুর করেছেন।

এর আগে গত শুক্রবার রাতে শেরেবাংলা নগর এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে ফেসবুকে একটি বিদ্রূপাত্মক পোস্ট করেন হাসান নাসিম। ‘সাগর থেকে ৩টা তিমি মাছ নিয়ে এসেছি, ২টা হাঙর আসতেছে ইনশাআল্লাহ, সবার দাওয়াত: চিফ হুইপ’—এমন ক্যাপশনে পোস্ট করার পাশাপাশি বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ছাড়া অজ্ঞাতনামা একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চিফ হুইপের ব্যক্তিগত নম্বরে স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় চিফ হুইপের অনুসারী মো. নজরুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার হওয়ার পর থেকে কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিম কারাগারে ছিলেন।