Image description

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে সোমবার। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সাড়ে ১১টায় পৌর ভবনে ফলক উন্মোচন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন বগুড়ায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা দীর্ঘদিনের দাবি ছিল এবং এবার সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, আয়তন ও জনসংখ্যার দিক থেকে বগুড়া দেশের অন্যতম বড় পৌরসভা হওয়ায় এটিকে সিটি করপোরেশন ঘোষণা করা যৌক্তিক। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে শহরের পরিকল্পিত উন্নয়ন ত্বরান্বিত হবে।

সফরসূচি অনুযায়ী, সোমবার ভোরে রাজধানীর গুলশান থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন তারেক রহমান এবং সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন।

এরপর তিনি জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন, ই-বেইলবন্ড কার্যক্রম চালু এবং বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন।

দুপুরে গাবতলীর বাগবাড়ীতে স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর পৈতৃক বাড়ি পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটি তারেক রহমান-এর প্রথম সফর।

শীর্ষনিউজ