নীলফামারীর সৈয়দপুরে জুমার খুতবা দেওয়ার সময় আসলাম খান (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আসলাম খান শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
মসজিদের মুসল্লি ও স্বজনরা জানান, জুমার নামাজ আদায় করতে কেন্দ্রীয় জামে মসজিদে আসেন আসলাম খান। তখন খতিবের খুতবা চলছিল। এসময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করে মসজিদের মেঝেতে পড়ে যান। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমার খুতবা চলাকালেই ঘটনাটি ঘটে বলে জানান সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মুনতাসিম বিল্লাহ।
তিনি বলেন, মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অবধারিত। তবে জুমার মতো পবিত্র দিনে, আল্লাহর ঘরে ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করা নিঃসন্দেহে এক বিশেষ সৌভাগ্যের বিষয়।
এশার নামাজের পর ওই মসজিদেই আসলাম খানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।