Image description

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। লালগালিচায় সোনালি রঙের ঝলমলে গাউন ও ম্যাচিং জ্যাকেটে নজর কেড়েছেন তিনি। তখন তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই তারকা লিখেছেন, ‘যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

রাশিয়ার রাজধানী মস্কোতে গতকাল বৃহস্পতিবার উৎসবটির ৪৮তম আসরের পর্দা উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে লালগালিচা মাতিয়েছেন ভাবনা।

আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) উৎসবে দেখানো হবে আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এবারের আসরে আর্টকোর বিভাগে নির্বাচিত হয়েছে এটি। এতে যাত্রাপালার প্রিন্সেস চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। নির্মাতা আর প্রযোজক জান্নাতুল বাকের খানের সঙ্গে মস্কো উৎসবে ছবিটির প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি।

আগামীর সময়কে ভাবনা জানিয়েছেন, ডিজাইনার তন্বী কবির ঐতিহ্যবাহী মিরপুর কাতান মোটিফের নকশায় সোনালি করসেট গাউনটি বুনেছেন। এর সঙ্গে আছে জমকালো জ্যাকেট ও জুয়েলারি।

গত ১৫ এপ্রিল মস্কোতে পৌঁছেই লাল রঙের কাতান ওভারকোট পরে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন ভাবনা। নিজের অনুভূতিতে তিনি জানান, কনস্তান্তিন স্তানিস্লাভস্কির শহরে আমি, কী ভীষণ ভালো লাগা।

পরিচালক আসিফ ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। এবার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আসরে ফিরলেন তিনি। বাংলাদেশের সমৃদ্ধ লোকশিল্প যাত্রাপালার যবনিকা পতনের চিত্র তুলে ধরা হয়েছে এতে।

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর গল্পে দেখা যাবে, ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালা মঞ্চায়নের জোর প্রস্তুতি চলছে। প্রধান অভিনেতার দৃঢ় বিশ্বাস, আলোছায়ার একমাত্র কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি নিজেই। কিন্তু শহর থেকে আসা গ্ল্যামারাস প্রিন্সেস দর্শকদের মন জয় করে নেন মঞ্চে ওঠার আগেই!

ছবিটিতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, যাত্রাশিল্পী অরবিন্দ মজুমদার, সতেজ চৌধুরী, মাহমুদ আলম, জান্নাতুল বাকের খান, সালাউদ্দিন শেখ ও মহাশঙ্কর অপেরার যাত্রাশিল্পীরা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আসিফ ইসলাম, লিয়ন ও জগন্ময় পাল।

৪৮তম মস্কো উৎসবে বাংলাদেশের দুটি চলচ্চিত্র রয়েছে। আসরের ‘অ্যাপোক্যালিপ্স নাউ’ বিভাগে নির্বাচিত হয়েছে যুবরাজ শামীম পরিচালিত ‘অতল’। নেটপ্যাক প্রতিযোগিতা বিভাগেও অংশ নেবে এটি।