Image description

দক্ষিণ সুদানে ক্রমাগত বাড়তে থাকা সংঘাত, তীব্র খাদ্য সংকট এবং আন্তর্জাতিক সহায়তার অভাবে দেশটি ভয়াবহ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শুক্রবার (১৭ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা জানান।

 

সম্প্রতি দক্ষিণ সুদান সফর শেষ করে ফ্লেচার দেশটির বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি জানান, সেখানকার সাধারণ মানুষের মধ্যে এক গভীর হতাশা ও অবহেলিত হওয়ার অনুভূতি কাজ করছে।

 

পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ফ্লেচার বলেন, ‘বিশ্বের সর্বকনিষ্ঠ এই রাষ্ট্রটি এখন এক বিপজ্জনক পরিস্থিতিতে আছে। সেখানে সংঘাত বাড়ছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে ক্ষুধা ও রোগব্যাধি। এমনকি ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। অথচ এর বিপরীতে কমে গেছে প্রয়োজনীয় সহায়তা।’

 

 

প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর দক্ষিণ সুদানের প্রতি তিনজনের মধ্যে দুইজন মানুষের মানবিক সহায়তার প্রয়োজন হবে। এ বছর দেশটির ৭৫ লক্ষাধিক মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন। ফ্লেচার উদ্বেগ প্রকাশ করে বলেন, এই বিশাল সংকট মোকাবিলায় ১ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের মানবিক সহায়তা পরিকল্পনা নেওয়া হলেও এখন পর্যন্ত তার মাত্র ২২ শতাংশ অর্থ বরাদ্দ পাওয়া গেছে। এখন জরুরি পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।