Image description

পঞ্চগড়ের সদর উপজেলায় আবু হোসেন নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আপত্তিকর অঙ্গভঙ্গি দেখিয়ে টাকার বিনিময়ে এক কলেজছাত্রীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন তিনি। কারাদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাভোগ করতে হবে তাকে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না এ আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্ত আবু হোসেন পঞ্চগড় সদর ইউনিয়নের ডুডুমারি এলাকার বাসিন্দা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী বৃহস্পতিবার সকালে প্রাইভেট শেষে কলেজের পেছনের গলি দিয়ে বাড়ি ফিরছিলেন। গলির মধ্যে আবু হোসেন তার গতিরোধ করে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন এবং আপত্তিকর অঙ্গভঙ্গি দেখান।

 

এ সময় ওই কলেজ ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে আবু হোসেনকে মারধর করে। খবর পেয়ে পুলিশ যুবককে আটক করে। এরপর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধমে তাকে সাজা দেওয়া হয়।

 

মমতাজ বেগম নামে স্থানীয় এক নারী বলেন, এক মেয়ের চিৎকার শুনে এগিয়ে যাই আমরা। লোকটা আপত্তিকর আচরণ করেছে। পরে আমরা তাকে মারধর করি, পুলিশে দেই।

 

ভুক্তভোগী কলেজ ছাত্রীর মা বলেন, আমার মেয়েকে ওই লোকটা আপত্তিকর আচরণ করায় প্রচণ্ড ভয় পেয়েছে। আমি চাই, আর কারও সঙ্গে যেন এমন না হয়।

 

দণ্ডপ্রাপ্ত আবু হাসান বলেন, আমি শুধু বলেছি আপু ঘুরতে যাবেন? আর কিছু বলিনি। আমি মাফও চেয়েছি। তারপরও আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো।

 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এই সাজা উদাহরণ সৃষ্টি করেছে। যারা এমন ঘৃণ্য কাজ করবে তাদের পরিণতি এমন হবে।