কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ছাত্রদলের ছয়জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক (দপ্তর সম্পাদক) মো. জামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রকি, সাব্বির আহমেদ ইভান এবং সদস্য সাইফ, মাশরাফি এবং দুই কর্মী উজ্জ্বল ও জীবনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার ভিতরে কলেজ শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে ক্যাম্পাসে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল।
প্রসঙ্গত, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের বিরুদ্ধে।
জানা গেছে, কবি নজরুল কলেজ গেটের সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল দেখে এগিয়ে যান ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক। এসময় গোলযোগের ছবি তোলায় সাংবাদিকদের ফোন কেড়ে নেয় এবং সাংবাদিককে মারধর শুরু করে ছাত্রদলের নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈশাখ উপলক্ষে ছাত্রদলের আয়োজিত কনসার্টে কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসান'র নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ বেলা ১২টায় আবারও কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় দুই সাংবাদিক ভিডিও ধারণ করায় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি, ইভান সাব্বির, কর্মী উজ্জ্বল, জীবন, মাশরাফি, সাইফ, সাব্বির সহ বেশ কয়েকজন নেতাকর্মী ওই দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে।