Image description

বাগেরহাটের মোংলা উপজেলায় স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থেকেও রেহাই পাননি এক স্বামী। পরিকল্পিতভাবে ডেকে এনে স্বামী দেলোয়ারকে অপহরণ করে গণপিটুনি দিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মেঠ এলাকার বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন (৫০) ছয় মাস আগে শাহানাজ বেগমকে বিয়ে করেন। হৃদরোগে আক্রান্ত হওয়ায় স্বাভাবিক দাম্পত্য জীবন পরিচালনায় অক্ষমতা দেখা দিলে স্ত্রীর পক্ষ থেকে তার ওপর মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করা হয়। ভুক্তভোগীর দাবি, শারীরিক অবস্থার তোয়াক্কা না করে তাকে জোরপূর্বক উত্তেজক ওষুধ সেবনে বাধ্য করা হতো, যা তার জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেয়।

 

ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে তাকে উপজেলা পরিষদের সামনে থেকে অপহরণ করেন। সেখানে পরিকল্পিতভাবে স্ত্রী লোকজন দিয়ে নিজের বাড়িতে রেখে তাকে নির্যাতন করেন।

 

এ সময় তার কাছ থেকে নগদ ২৬ হাজার ৭শ’ টাকা, স্বর্ণের আংটি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি আইনগত প্রতিকার পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

এ ব্যাপারে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান শাহীন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।