Image description

মাদারীপুরে মানবপাচারের চার মামলার আসামি পুত্রবধূ ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে মাদারীপুর র‍্যাব-৮।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, সোমবার রাতে জেলার শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার দুজন হলেন—উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের মানবপাচারকারী সোবাহান মোল্লার বাবা সালাম মোল্লা ও স্ত্রী তানিয়া বেগম।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ মার্চ মাসে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রুহুল মাতুব্বরের ছেলে লিমন মাতুব্বরের কাছ থেকে ১৮ লাখ টাকা নেন সোবহান মোল্লা। পরে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর তাকে ইতালির উদ্দেশে পাঠানো হয়। প্রথমে তাকে সৌদি আরব নেওয়া হয়, পরে সেখান থেকে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালায় আটকে রাখা হয়।

 

সেখানে নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে আরও ১২ লাখ টাকা আদায় করা হয়। এরপর থেকে লিমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ৭ এপ্রিল ভুক্তভোগীর খালা মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লা, তার বাবা সালাম মোল্লা, স্ত্রী তানিয়াসহ আটজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন।

 

ওই মামলার সূত্র ধরে অভিযানে নামে মাদারীপুর র‍্যাব-৮। অভিযান চালিয়ে সোমবার রাতে শিবচর থেকে সোবাহান মোল্লার স্ত্রী তানিয়া বেগম ও তার শ্বশুর সালাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয় এবং আদালতে পাঠানো হয়। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।