Image description

বিতাড়িত স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের কাঁধে চেপে বসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তারা জনগণের জন্য বিএনপি সরকারের কাজকে বাধাগ্রস্ত করছে।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নববর্ষের অনুষ্ঠানে যোগ দেয়ার অনুরোধ জানানো হয়েছিল। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী উৎসবে শামিল হন।

 

জনসভায় দেয়া বক্তব্যে তিনি মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তার সংগ্রামের কথা স্মরণ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনগণের জনকর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। স্বৈরাচারের ভূত কাদের ওপরে আবার ধীরে ধীরে আছর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে।

 

তারেক রহমান বলেন, জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস যখন ডেকেছিল, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করেছিল। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।

 

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে জনসভায় যোগ দেন।