বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের সাধারণ শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা কার্ড ও ঐতিহ্যবাহী দেশীয় খাবার বিতরণ করেছে ছাত্রদল।
সোমবার (১৩ এপ্রিল) শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে হলের শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেন ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আকাশ।
প্যাকেটে বাঙালির চিরায়ত ঐতিহ্যের অংশ মুরালি, বাতাসা ও খইয়ের পাশাপাশি ছিল একটি নববর্ষের শুভেচ্ছা কার্ড। হলের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের এই সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে আবুল কালাম আকাশ বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। আমরা চেয়েছি আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলোর স্বাদ ও নববর্ষের শুভেচ্ছা সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে। শেখ মুজিবুর রহমান হলে এর আগে এভাবে কেউ ঐতিহ্যের ছোঁয়ায় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায়নি। তাই আমরা চেয়েছি ছাত্রদল যেন সাধারণ শিক্ষার্থীদের প্রাণের সাথে মিশে থাকে।
ঢাবি ছাত্রদলের এই নেতা বলেন, কেবল রাজনীতি নয়, শিক্ষার্থীদের যে কোনো সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় পাশে থাকবে।