২৫ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। পথে হঠাৎ লাগে আগুন। চলন্ত বাস থেকে লাফিয়ে বের হতে থাকেন যাত্রীরা। তাদের একজন আগুন থেকে বাঁচলেও পিষ্ট হন চাকায়।
মাদারীপুরের গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় রবিবার বিকেলের ঘটনা এটি। নিশ্চিত করেছেন কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার।
প্রত্যক্ষদর্শী ও বাসের আরোহীদের বর্ণনা, ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় তাতে ধরে আগুন। আতঙ্কে হুড়মুড়িয়ে নামতে থাকেন যাত্রীরা। একজন লাফিয়ে বের হতে গিয়ে পড়ে যান চাকার তলে। ঘটনাস্থলেই হারান প্রাণ।
প্রত্যক্ষদর্শীদের একজন স্থানীয় অটোরিকশার চালক কামরুল ইসলাম। তিনি ওই বাস থেকে ধোঁয়া বের হতে দেখেন।
‘পাথুরিয়া বাজার স্ট্যান্ড পার হয়ে যাওয়ার পর বাসের ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখি। চালক টের পেয়েই দ্রুত বাসটি মেলকাই এলাকার মহাসড়কের পাশে থামান। পুুরোপুরি থামানোর আগেই যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরপরই আগুন দাউ দাউ করে বাসে ছড়িয়ে পড়ে।’
ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
‘ধারণা করা হচ্ছে, ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বাস একেবারে পুড়ে গেছে। একজন যাত্রী লাফ দিতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন। একজনের অবস্থা শুনেছি আশঙ্কাজনক।’
হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।