উত্তর আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। একটি পণ্যবাহী জাহাজ থেকে বিপদ সংকেত পাঠানো হলে তাদের উদ্ধার করা হয়। পরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় তাদের।
শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রয়টার্স।
পাকিস্তানের সেনাবাহিনী জানায়, উত্তর আরব সাগরে বিপদে পড়া ১৮ জন নাবিককে উদ্ধার করেছে নৌবাহিনী। একটি পণ্যবাহী জাহাজ থেকে বিপদ সংকেত পাঠায় তারা। পরে নৌবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে বন্দর নগরী করাচিতে নিয়ে আসেন।
ওই জাহাজের নাম ‘গোল্ড অটাম’ বলে জানিয়েছে রয়টার্স। উদ্ধার হওয়া নাবিকরা বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক। নাবিকদের বন্দর নগরী করাচিতে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে পাকিস্তানের সামরিক বাহিনী।
প্রতিবেদন অনুসারে, পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি প্রথমে তাদের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার সক্রিয় করে এবং তারপর বিপদগ্রস্ত জাহাজটিতে পৌঁছানোর জন্য পিএনএস হুনাইন জাহাজ পাঠায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দলটি অগ্নিনির্বাপণে সহায়তা, চিকিৎসা সহায়তা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের পর ১৮ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করে।
পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতিতে এই অভিযানটি চালানো হয়। দলটি নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার আগে জাহাজটিকে স্থিতিশীল করতে ও পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রক্ষা করতে কাজ করা হয়। উদ্ধার করা নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা ও নিজ নিজ দূতাবাসের মাধ্যমে দেশে ফেরত পাঠানোর জন্য করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।