Image description

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের ছররা বন্দুকের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ তাঁর আরো দুই সহযোগীকে নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁদের উদ্দেশ্য ছিল মাদকের একটি চালান সংগ্রহ করা। এ সময় তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন।

এ অবস্থায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের সদস্যরা তাঁদের ‘সুপারি চোর’ সন্দেহে লক্ষ্য করে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

 

ঘটনার পর নিহতের সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) এবং কারবালারটুক গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, নিহতসহ তিনজনই আগে থেকে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য আনা-নেওয়া বা চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনাটি সীমান্ত এলাকায় নিরাপত্তা ও অবৈধ যাতায়াত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।