Image description

ফেনীর সোনাগাজীতে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে এক কৃষকদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামের রমজান আলী মেম্বার বাড়িতে। টমটম চালক কামাল উদ্দিনের অভিযোগ, তার স্ত্রী কামরুন নাহারের সঙ্গে কৃষকদল নেতা মোহাম্মদ সেন্টুর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তা ধর্ষণের ঘটনায় রূপ নেয়। 

 

কামাল উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের সুযোগ নিয়ে সেন্টু তার স্ত্রীকে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি ঘটনার সময় হাতেনাতে ধরার চেষ্টা করলে তাকে হুমকি দেওয়া হয় এবং জোরপূর্বক এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। এ ঘটনার পর তিনি স্ত্রীকে তালাক দেন বলে জানান।

 

অন্যদিকে তালাকপ্রাপ্ত গৃহবধূ কামরুন নাহার অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক কলহ ও টমটম কেনার টাকা নিয়ে বিরোধের জেরে তাকে মারধর করা হয়েছে এবং মিথ্যা অভিযোগ তুলে তাকে তালাক দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, তার সঙ্গে সেন্টুর কোনো অনৈতিক সম্পর্ক নেই।

অভিযুক্ত কৃষকদল নেতা মোহাম্মদ সেন্টু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাটি দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের জেরেও হতে পারে। তবে বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনা বিরাজ করছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’