তেল নেওয়ার জন্য দেশের ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিন দেখা যাচ্ছে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। এবার সে লাইনে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। খেলনা মোটরসাইকেল নিয়ে লাইনে দাঁড়িয়েছেন এক ক্রেতা।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্বপন ট্রেডার্স নামে একটি মিনি ফিলিং স্টেশনে খেলনা মোটরসাইকেলটি দেখা যায়।
জানা গেছে, ওই মিনি ফিলিং স্টেশনে শনিবার (১১ এপ্রিল) তেল দেওয়া হবে। এই খবর ছড়িয়ে পড়ার পর স্টেশনের সামনে লাইন নিজেদের মোটরসাইকেল রেখে সিরিয়াল দিতে যান চালকরা। এই সিরিয়ালে সবার নজর কাড়ে শিশুদের ব্যাটারিচালিত খেলনা মোটরসাইকেল। এ নিয়ে কৌতূহল সৃষ্টি হয় আশপাশের মানুষের মধ্যে।
স্বপন ট্রেডার্সের কর্মচারীরা জানান, শনিবার তেল নেওয়ার জন্য খেলনা মোটরসাইকেলটি নুর ইসলাম নামে এক ক্রেতা রেখে গেছেন।
নুর ইসলাম বলেন, আইন যেহেতু সবার জন্য সমান, তাই সিরিয়াল ধরে তেল সংগ্রহের জন্য আপাতত ছোট বাচ্চাদের মোটরসাইকেলটি রেখেছি। পরে তেল নেওয়ার সময় সেটি পরিবর্তন করে আমার আসল মোটরসাইকেলে তেল নেব।