Image description

মসজিদের নামকরণ নিয়ে কথা কাটাকাটির জের ধরে দেলোয়ার হোসেন দিলবর (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন দিলবর ওই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এদিন জুমার নামাজের পর ভারী বর্ষণের কারণে মুসল্লিরা মসজিদের সামনে মতবিনিময় সভায় মিলিত হন।

দীর্ঘ আলোচনার সময় বাইরে ভারী বৃষ্টিপাত চলাকালে উপস্থিত গালংশাহ ও খাসের গাওয়ের লোকজনের মধ্যে মসজিদের নামকরণ নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
এমন সময় প্রতিপক্ষের লোকজন দেলোয়ার হোসেন দিলবরের ঘাড়ে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানতে পেরে সন্ধ্যার পর তিনি ঘটনাস্থলে এসেছেন।

স্থানীয়রা দাবি করছেন, মসজিদের নামকরণ নিয়ে কাটাকাটির জেরে দিলবরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর রাত পৌনে রাত ১০টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।