থাইল্যান্ডের অভিবাসন কর্মকর্তা ও পুলিশ দেশটির সোংখলা প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি অবৈধ অভিবাসী এবং একজন মিয়ানমারের নারীকে গ্রেপ্তার করেছে।
ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশ ও অবস্থান করার অভিযোগ আনা হয়েছে।
অভিযানের সময় পরিচয়পত্রহীন ব্যক্তিরা রিসোর্ট চত্বরের ভেতরে একটি গোপন কক্ষে গাদাগাদি করে লুকিয়ে ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে অভিযান চালানো হয়।
পর্যটন পুলিশ রিসোর্টের মালিক ৬৬ বছর বয়সী কৃতিদেতকেও গ্রেপ্তার করেছে। তিনি অভিবাসীদের সম্পর্কে কোনো কিছু জানানোর কথা অস্বীকার করেছেন।
ব্যাংকক পোস্ট পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশি অভিবাসীরা নিজ দেশ থেকে বিমানে কম্বোডিয়ায় যান, ৪ এপ্রিল সা কায়েও প্রদেশে পায়ে হেঁটে থাইল্যান্ডে প্রবেশ করেন এবং দুই দিন একটি হোটেলে থাকার পর পর্যায়ক্রমে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সময় বুধবার ভোর ৫টার দিকে একটি ঢাকা পিকআপে করে তাদেরকে রিসোর্টে নিয়ে যাওয়া হয়।
আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সবাইকে খুয়ান মীড পুলিশ স্টেশনের তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়।
সূত্র: ব্যাংকক পোস্ট