অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা করেছিল। সেই প্রত্যাশা পূরণে সরকারের অঙ্গীকার সুস্পষ্ট এবং সরকার ধারাবাহিকভাবে সে লক্ষ্যে এগিয়ে চলছে। ইতোমধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষায় নীতিমালাও প্রণয়ন করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় প্রসঙ্গে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন। সংক্ষুব্ধপক্ষের জন্য আইনগতভাবে আপিলের সুযোগ রয়েছে এবং নির্ধারিত ৩০ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। অভিযুক্তরা সাধারণত নিজেদের নির্দোষ দাবি করে থাকেন, তবে এ ধরনের বিষয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া না জানিয়ে আদালতেই বক্তব্য উপস্থাপন করা উচিত।
বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে আইনমন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। পাশাপাশি হাইকোর্টের একটি রায় থাকলেও তা চূড়ান্ত নয়; আপিল নিষ্পত্তির মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলম, সহসভাপতি আবুবকর বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, থানার ওসি মো. আসাদউজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।