নারায়ণগঞ্জের চাষাড়ায় দুই গ্রুপের গোলাগুলির মাঝে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ফতুল্লার হাজী মিছির আলী ডিগ্রি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র রাকিবুল হাসান রাকিব (২২) ও স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো. ইমরান (১৪)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে চাষাড়া চাঁদনী হাউজের সামনে রাস্তায় এই গুলির ঘটনা ঘটে।
আহত রাকিব জানান, তার বাসা ফতুল্লার শান্তিনগর (হরিহর পাড়া)। বাসা থেকে সকালে পরীক্ষা দেওয়ার জন্য কলেজে রওনা হয়েছিলেন। বাসার কিছুটা দূরেই এলাকারই দুই গ্রুপের মাঝে সংঘর্ষ চলছিল। সেই সংঘর্ষের মাঝে পড়ে যান তিনি। তখনই একজন তার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। কেন তাকে গুলা করা হয়েছে তা তিনি জানেন না।
তবে রাকিব কোনো গ্রুপের সদস্য বা সমর্থক না বলে দাবি করেছেন।
অপরদিকে, ইমরানের বোন ইশা মনি জানান, তাদের বাসা ফতুল্লার পঞ্চবটি এলাকায়। তার ছোট ভাই স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র। ঘটনার সময় মাদ্রাসা থেকে হেঁটে বাসায় ফিরছিল সে। তখনই দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যায় এবং তার পেটে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে খবর সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি জানান, ডাক্তাররা জানিয়েছেন ইমরানের অবস্থা আশঙ্কাজনক। কমপক্ষে ৮ ব্যাগ রক্ত লাগবে। এরপর অপারেশন করে পেট থেকে গুলি বের করা হবে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ফতুল্লা থানায় অবগত করা হয়েছে।
শীর্ষনিউজ