হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি খুব জটিল ও অস্বস্তিকর বলে অভিহিত করেছেন প্রখ্যাত সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষক ও নয়াদিল্লি ভিত্তিক ‘সোসাইটি ফর পলিসি স্টাডিজ’-এর পরিচালক সি উদয় ভাস্কর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান।
ইরান এই হরমুজ প্রণালি অঞ্চলে নতুন কী ধরনের নিয়ম-কানুন আরোপ করতে যাচ্ছে, তা নিয়ে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। উদয় ভাস্করের মতে, এই অস্পষ্টতার প্রতিফলন সরাসরি আন্তর্জাতিক বাজারের উদ্বেগের মাধ্যমে ফুটে উঠছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আগে যেখানে স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ১৩৫টি জাহাজ যাতায়াত করত, এখন সেখানে মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করছে।
উদয় ভাস্কর বলেন, আগামী শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনা থেকে হরমুজ প্রণালির পরিস্থিতির বিষয়ে কিছুটা স্বচ্ছতা আসতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ইরান যে নতুন নৌপথের প্রস্তাব দিচ্ছে, সে বিষয়ে সেখানে বিস্তারিত জানা যেতে পারে।
তিনি বলেন, মার্কিন বাহিনীর যে কোনো সম্ভাব্য উভচর হামলা ঠেকাতে ইরান ওই অঞ্চলে মাইন পুঁতে রেখেছে বলে জানিয়েছে। ফলে এই পথ দিয়ে যাতায়াতের সময় জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
উদয় ভাস্কর আরও বলেন, এ ধরনের মাইন আতঙ্ক নতুন কিছু নয়। ইরান-ইরাক যুদ্ধের সময়ও এই জলসীমায় মাইন ছিল। তবে সে সময় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে সক্ষম হয়েছিল।
তার মতে, হরমুজ প্রণালী বর্তমানে একটি থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব বিশ্ব বাণিজ্য ও সামগ্রিক নিরাপত্তার ওপর পড়ার শঙ্কা রয়েছে।