ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে দেশজুড়ে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিপুল পরিমাণ তেল জব্দ, জরিমানা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশব্যাপী ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে র্যাব। বাহিনীটির মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, কৃত্রিম সংকট সৃষ্টিকারী মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাজারীবাগ, মোহাম্মদপুরের কৃষি মার্কেট ও টঙ্গী কাঁচাবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব। অভিযানে ১ লাখ ১৪ হাজার ৪৪২ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করা হয়।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) পটুয়াখালী সদর এলাকায় র্যাব-৮ এর তত্ত্বাবধানে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানিয়েছে, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।