মোটরসাইকেল নিয়ে ঘুরছেন এক যুবক। নাম তার নূর মোহাম্মদ। যেদিকে যাচ্ছেন, সবার নজর তার দিকে। দেখা গেল নূরের পরনে একটি ধবধবে সাদা টি-শার্ট (গেঞ্জি)। তাতে মুদ্রণ করা জেলা প্রশাসকের দেওয়া ফুয়েল কার্ড।
শুক্রবার (১০ এপ্রিল) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মোটরসাইকেলে ঘোরাঘুরির সময় সবার নজর কাড়েন তিনি।
কিন্তু কারণটা কী? জবাবে নূর মোহাম্মদ বললেন, ‘এটা আমার ইচ্ছে– আই হ্যাভ অ্যা প্ল্যান।’
খোঁজ নিয়ে জানা গেছে, নূর মোহাম্মদ উপজেলার জামতৈল বাজারে ব্যবসা করেন। ‘সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ৫ এপ্রিল কাজিপুর মোড় এলাকায় একটি পাম্পে গিয়ে তেল পাননি তিনি। সঙ্গে ফুয়েল কার্ড না থাকায় তাকে তেল দেয়নি পাম্প কর্তৃপক্ষ।
ঘটনার পরদিন ৬ এপ্রিল তিনি জেলা প্রশাসকের দেওয়া ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে নেন। গেঞ্জির সম্মুখভাগে ফুয়েল কার্ডের প্রথম অংশ প্রিন্ট করা রয়েছে, যেখানে তার নাম, পরিচয় ও ছবি সংযুক্ত আছে। গেঞ্জির পেছনের অংশে ফুয়েল কার্ডের মাধ্যমে কবে কবে তেল পাওয়া যাবে এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রিন্ট করা হয়েছে।
নূর মোহাম্মদ বলেন, আমি পাম্পে গেলে বলত– তেল নেই। যখন ফুয়েল কার্ড দেওয়া হলো, আমি তা সংগ্রহ করলাম। তখন পাম্পে তেলের জন্য গেলে বলে কার্ড দেন। ভুলবশত একদিন নিজের সঙ্গে নিতে পারিনি। কার্ডের ছবি ফোনে দেখানো সত্ত্বেও পাম্পে থেকে বলে– এভাবে হবে না, কার্ড লাগবে।
তিনি বলেন, তখন আমি চিন্তা করলাম, আমি একটা কাজ করব। ফুয়েল কার্ডটা অনেক বড়, তাই আমি গেঞ্জিতে প্রিন্ট করে নিয়েছি। যতদিন এই অবস্থা থাকবে, ততদিন আমি এই গেঞ্জি ব্যবহার করব।