জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য মো. সাদিক মুনওয়ার মুনেম।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের তিনি এই অনশন কর্মসূচি শুরু করেন।
অনশন শুরুতে তিনি বলেন, আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিস্যাৎ হওয়ার পথে।
তিনি অভিযোগ করে বলেন, গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম-খুন-দুর্নীতি ও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার এই অপচেষ্টা আমরা মেনে নিতে পারি না। তাই একজন বিক্ষুব্ধ নাগরিক হিসেবে জুলাইয়ের স্পিরিট, আকাঙ্ক্ষা এবং জনগণের রায় রক্ষায় আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমি অনশনে বসেছি।
তার দাবিসমূহ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও জনরায়কে বাস্তবায়ন করতে হবে। গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করতে হবে। গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লিখিত অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে।
তিনি জানান, ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার এই আন্দোলন চলমান থাকবে এবং ভবিষ্যতে কোনোভাবেই দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেওয়া হবে না।