Image description

ময়মনসিংহের ত্রিশালে জমি-সংক্রান্ত বিরোধে মো. আল আমিন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। 

রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন জসিম উদ্দিন (৪৯), তার স্ত্রী হুরেনা খাতুন (৪৫), ছেলে রিয়াদ (২৪), আবদুর রশিদ (৪১) ও তার স্ত্রী জুনাকি আক্তার (৩৭)। তারা সবাই ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুন জমি নিয়ে বিরোধের জেরে সেনেরচকপাড়া গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে মো. আল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা মো. হাফিজুল ইসলাম পরদিন (২০ জুন) পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার বিচারিক কার্যক্রমে আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। শুনানি শেষে আসামি ও বাদীপক্ষের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন মো. মাহবুব আলম মামুন, আসামিপক্ষে ছিলেন আবুল কালাম আজাদ এবং রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন আকরাম হোসেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, ত্রিশালের ওই হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।