বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চায়, যারা আগামীতে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র কায়েমে সহযোগিতা করবে। যে রাষ্ট্রে মানুষ তার সমঅধিকার ভোগ করবে, মানুষের নিরাপত্তা থাকবে, মা-বোনেরা নির্বিঘ্নে রাস্তায় পথ চলতে পারবে। এমন রাষ্ট্র কায়েম করতে হলে নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের এ রাষ্ট্রের হাল ধরতে হবে।
সোমবার (৬ এপ্রিল) দুুপুরে কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে অডিটরিয়ামে মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ছাত্রশিবির মেধাবীদের সংগঠন, ছাত্রশিবির করার প্রথম শর্তই হচ্ছে তাকে ছাত্র হতে হবে, বিনয়ী হতে হবে। যে কেউ ছাত্রশিবির করতে পারে না।’
নুরুল ইসলাম আরো বলেন, ‘আমরা আল্লাহ তায়ালা কোরআনে যে নিদের্শনা দিয়েছেন এবং রাসুল (সা.) যে পথ দেখিয়েছেন সে আদর্শ আমরা মানুষের কাছে পৌছে দিচ্ছি। প্রতিষ্ঠার পর থেকে আজকে ছাত্রশিবির ৪৯ তম বছর পার করছে অনেক আত্মত্যাগ, সংগ্রাম ও জনশক্তির দায়বদ্ধতাই ইসলামী ছাত্রশিবিরকে আজকের এ অবস্থানে নিয়ে এসেছে।
কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.শফিকুল আলম হেলাল।
অনুষ্ঠান শেষে শিবিরের সভাপতি নুরুল ইসলাম প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।