সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান রহিত, স্থগিত বা ‘সংশোধন’ হয়। তিনি সংবিধান সংশোধনের জন্য সকল দলের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় জুলাই সনদ ও সংবিধান সংশোধন বিষয়ক প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। একাত্তরের স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না মন্তব্য করে তিনি বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অভিপ্রায়কে আমরা সম্মান জানাতে চাই। চব্বিশের জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্রের নির্যাসকে আমরা সংবিধানে ধারণ করার অঙ্গীকার করেছি। এটি চতুর্থ তপশিলে অন্তর্ভুক্ত করা হবে। তবে মনে রাখতে হবে, একাত্তরের স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক আইনি প্রতারণা হয়েছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, হাইকোর্ট ইতোমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশগুলো সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে।
আল্লাহর ওপর আস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতিটি পুনর্বহাল করতে চাই। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্তর্ভুক্ত করেছিলেন, যা পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকার নির্মূল করেছে। জুলাই সনদে এটি থাকার কথা থাকলেও কোনো কোনো দলের আপত্তির কারণে রাখা হয়নি। আমরা এটি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
সংবিধানে স্বাধীনতার ঘোষণা বিষয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ২৭ মার্চ কালুরঘাট থেকে ‘প্রোভিশনাল হেড অব স্টেট’ হিসেবে ঘোষণা দেন। এটিই প্রকৃত ইতিহাস, যা আমরা সংবিধানে ফিরিয়ে আনতে চাই।