ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া শেখ তানভীর বারী হামিম সংগঠনের ব্যানারে নবনিযুক্ত প্রাধ্যক্ষের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ রবিবার (৫ এপ্রিল) বিকেলে তার নেতৃত্বে হলটির নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠনটির নেতাকর্মীরা।
এক মাসের বেশি সময় আগে গত ৪ মার্চ হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল। এর আগে তাকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে শোকজ করা হয়েছিল। সাময়িক অব্যাহতি পাওয়ার পরও সংগঠনটির দলীয় কর্মসূচিতে এই নেতার অংশগ্রহণ করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
সংগঠনের ব্যানারে নবনিযুক্ত প্রাধ্যক্ষকে শেখ তানভীর বারী হামিমের শুভেচ্ছা বিনিময়ের বিষয়ে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস মুঠোফোনে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তার ‘বহিষ্কার’ আদেশ এখনো প্রত্যাহার করা হয়নি। সেটি বহাল রয়েছে।
বহিষ্কারের পর কেউ দলীয় ব্যানারে কার্যক্রম পরিচালনা করতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে সাহস এ বিষয়ে প্রতিবেদকের সঙ্গে সশরীরে মন্তব্য দেওয়ার কথা জানান।
এ প্রসঙ্গে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অব্যাহতির আদেশ এখনো প্রত্যাহার করা হয়নি। এরকম কোনো নোটিশ পাইনি।
ছাত্রদলের ব্যানারে শুভেচ্ছা বিনিময় করতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে হামিম বলেন, অবশ্যই পারি। কারণ আমাকে তো বহিষ্কার করা হয়নি। ছাত্রদলের একজন কর্মী হিসেবে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ আমার রয়েছে। যেহেতু সাময়িক অব্যাহতি পেয়েছি শুধুমাত্র আহ্বায়কের দায়িত্বটুকু পালন করতে পারবো না। এছাড়া অন্য সব দায়িত্ব পালন করতে পারি। যেহেতু দলের কর্মী, কর্মী হিসেবে আমি সেখানে হল ছাত্রদলের বর্তমান নেতৃত্বের সঙ্গে গিয়েছি।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।