Image description

সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওর ও ছনডোবা হাওরের জলাবদ্ধতাকে কেন্দ্র করে হাওরের ফসলরক্ষা বাঁধ কাটা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুনজিত কুমার চন্দ ১৪৪ ধারা জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার মোহনপুর ও কাঠইর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কাছের ডাকুয়ার হাওর ও ছনডোবা হাওরের জলাবদ্ধতাকে কেন্দ্র বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাঁধ কাটা নিয়ে যে কোনো সময় সংঘর্ষ, মারামারি ও জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা রয়েছে। তাই জনশৃঙ্খলা রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হলো।

আদেশে বলা হয়েছে, ছনডোবা বাঁধ সংলগ্ন এলাকায় ৫ জনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করা হলো। বাঁধ এলাকায় সব প্রকার সমাবেশ, জমায়াতে ও মিছিল করা যাবে না। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ জানান, হাওরের জলাবদ্ধতাকে কেন্দ্র করে বাঁধ কাটা নিয়ে এলাকার দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষ, মারামারি ও আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হলো।