ছোটবেলা থেকেই শিশুদের সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত করা গেলে তারা মাদকসহ নানা সামাজিক ব্যাধি থেকে তারা দূরে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে জনতা কালচারাল একাডেমির বার্ষিক পরীক্ষা সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘একটি জাতির সামগ্রিক উন্নয়নের জন্য সাংস্কৃতিক বিকাশ অপরিহার্য। শিশুদের শৈশব থেকেই মানবিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্যে গড়ে তুলতে পারলে তারা কিশোর বয়সেই সঠিক পথ বেছে নিতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা কেবল ভৌগোলিক সীমারেখা বা জাতীয় পতাকার মধ্যে সীমাবদ্ধ নয় বরং অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ দেশ স্বাধীন হয়েছিল। তবে সেই লক্ষ্য অর্জনে এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি রয়েছে।’
দেশীয় সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে কায়সার কামাল বলেন, ‘পশ্চিমা সংস্কৃতির প্রভাবে সমাজের নানা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।
কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘অবহেলিত এই উপজেলাকে একটি আদর্শ এলাকায় রূপ দিতে হলে দল-মত-ধর্ম-নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষের মেধা ও মননের মূল্যায়নই হওয়া উচিত অগ্রাধিকার।’
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম এবং জনতা কালচারাল একাডেমির নির্বাহী পরিচালক আফরোজা বেগম শিমু প্রমুখ।