বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ রানার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই লাখ টাকার চেক মাসুদ রানার হাতে তুলে দেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল এবং স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে সংগৃহীত আরো দেড় লাখ টাকা নগদ সহায়তাও মাসুদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী একজন কর্মীবান্ধব ও মানবিক নেতা।
তিনি আরো বলেন, একটি চোখের ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ সম্ভব নয়, তবে বিপদে পাশে দাঁড়ানোই বড় বিষয়।
প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে ভোটসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা গুরুতর আহত হন এবং তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।