Image description

দেশের মানুষের মতামতকে প্রাধান্য দিচ্ছে না অভিযোগ করে জনগণের দাবি আদায়ে দেশপ্রেমিক যুব সমাজকে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান দেশের বর্তমান গণভোট, জ্বালানি সংকট, শিক্ষাব্যবস্থা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন।

 

সরকার জনগণের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের মতামতকে প্রাধান্য না দিয়ে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে। অন্যদিকে বিএনপি জনগণের কাছে দেওয়া ওয়াদা বরখেলাপ করে সংকট তৈরি করছে।

 

জামায়াত আমির বলেন, বিএনপি গণভোটের রায় অস্বীকার করে ফ্যাসিবাদী কাঠামোতে ফিরতে চাইছে। গণঅভ্যুত্থান করা যুব সমাজ এখনো জীবিত। অধিকার কেড়ে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমাদের আন্দোলন হবে নিয়মতান্ত্রিক ও ইস্পাতকঠিন। তবে আন্দোলনে বিশৃঙ্খলা বা ভায়োলেন্স করতে এলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

 

এ সময় জনগণের দাবি আদায়ে দেশপ্রেমিক যুব সমাজকে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় এই নেতা।

 

দেশের অর্থনীতি ও জ্বালানি পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকার লুকোচুরি করছে। সরকারের কথাবার্তা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে। অথচ বাস্তব অবস্থা সম্পূর্ণ ভিন্ন। লুকোচুরি না করে সত্যটা জনগণের সামনে তুলে ধরুন।

 

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার সরকারি সিদ্ধান্তেরও সমালোচনা করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

 

তিনি বলেন, এটি সরকারের নির্বুদ্ধিতার পরিচয়। শিশুরা এমনিতেই ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে, অনলাইন ক্লাসের নামে তাদের হাতে ডিভাইস ধরিয়ে দিলে এই আসক্তি আরও বাড়বে। অবিলম্বে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচল করার দাবি জানান তিনি।

 

এ সময় সরকার সব জায়গায় দলীয় লোক ও ‘হেরে যাওয়া’ ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসিয়ে নিরপেক্ষতা হারিয়েছে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।