Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. আলমগীর (৩৩) নামের যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসীম ও সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত মো. আলমগীর করেরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়িতে চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত আটজন আহত হন। সংঘর্ষে আলমগীর নেতৃত্বে ছিলেন এক পক্ষ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ কালা নেতৃত্ব দেন অন্য পক্ষে। সংঘর্ষের পর জোরারগঞ্জ থানা পুলিশ মাসুদ কালাকে গ্রেপ্তার করে এবং দল থেকে বহিষ্কার করা হয়।

এরপর যুবদল ফোরাম মো. আলমগীরকেও বহিষ্কার করে।

 

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে আলমগীরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘দলের কোনো দায়িত্বে থাকা ব্যক্তি যদি অপকর্মে লিপ্ত হন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’