Image description
অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ অধ্যাদেশ

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধিবেশনে উপস্থাপন করেছে বিশেষ কমিটি। এরমধ্যে ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। বাকি ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই-বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এই ১৬টি অধ্যাদেশের মধ্যে রয়েছে- দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার, গণভোট অধ্যাদেশ। আর ৪টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ এবং বিরোধী দলের ৩ জন সংসদ সদস্য কয়েকটি অধ্যাদেশে নোট অব ডিসেন্ট দিয়েছেন।

গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের কমিটির সভাপতি জয়নুল আবেদীন এই রিপোর্ট উপস্থাপন করে এসব তথ্য জানান। বেলা সাড়ে ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অধিবেশন শুরু হয়। চলে রাত ৮টা ৩ মিনিট পর্যন্ত। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর মধ্যে নামাজের জন্য দুই দফায় ১ ঘণ্টা বিরতি দেয়া হয়। আগামী রোববার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মূলতবি ঘোষণা করেন স্পিকার। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

যে চারটি রহিত করার সুপারিশ: জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ ২০২৪, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৬।

৯৮টি অধ্যাদেশ হুবহু পাশের সুপারিশ: যে অধ্যাদেশগুলো পাস করানোর জন্য হুবহু বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে তার মধ্যে আছে- জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কিছু অধ্যাদেশ আছে। বিশেষ পরিস্থিতি ও জনস্বার্থে প্রশাসক নিয়োগের বিধান করা হয়। এক্ষেত্রে জামায়াতের আপত্তি আছে।

এ তালিকায় আছে বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স ২০২৪, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) অধ্যাদেশ, জাতির পিতার পরিবার-সদসদ্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ (বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনে উল্লেখিত বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ হাসিনা ইত্যাদি নামের পরিবর্তন)। গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট), জাতীয় সংসদের সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ। এ ছাড়া আরও বেশকিছু অধ্যাদেশ আছে যেগুলো নাম পরিবর্তন সংক্রান্ত।

সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ: ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। তবে কোথায় কী সংশোধনী আনা হবে, তা বিশেষ কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

গত ১২ই মার্চ অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন উপস্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পরে আইনমন্ত্রীর প্রস্তাবে ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়। এগুলো পর্যালোচনা করে ২রা এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।