Image description

নওগাঁর বদলগাছীতে পারিবারিক বিরোধের জেরে মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের মারধরে গৌর চন্দ্র নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদইল গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত গৌর চন্দ্র উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের ওমিনি চন্দ্রের ছেলে। এ ঘটনায় মনা রানী ও পুষ্পা রানী নামে দুজনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের গৌর চন্দ্র তার মেয়ে রাখি রানীকে ৬/৭ বছর আগে একই উপজেলার গাবনা গুদইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই রাখি তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন, তবে তার স্বামী ঢাকায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে রাখিকে তার শ্বশুর তশুরাম, ভাসুর উৎপল, ননদ পুষ্পা রানী ও মনা রানীসহ পরিবারের অন্য সদস্যরা নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ। গতকাল বুধবার (১ এপ্রিল) আবারও রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সারা রাত তাকে ঘরে ঢুকতে দেওয়া দেয়নি।

 

বৃহস্পতিবার দুপুরে গৌর চন্দ্র তার ছেলে পলাশসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্র, তার ছেলে, মেয়ে ও স্ত্রীকে মারধর শুরু করেন।

 

 

একপর্যায়ে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে গৌর চন্দ্রের মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার ছেলে পলাশও আহত হন।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।