Image description

হবিগঞ্জে ট্রেনের লাইনচ্যুত বগি থেকে হাঁড়ি-পাতিল-বালতি ভরে জ্বালানি তেল নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। 

রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রায় ১৭ মেট্রিক টন ডিজেলের বেশিরভাগই বালতিতে করে নিয়ে গেছেন তারা।

চট্টগ্রাম থেকে ১৯টি তেলবাহী ও একটি গার্ডবাহী বগি নিয়ে সিলেটগামী ট্রেনটি বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।একটি ছোট সেতু পার হওয়ার সময় পেছনের পাঁচটি তেলবাহী বগি ও গার্ডবাহী বগিটি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে যায়।

মনতলা রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান খাদেম বাংলানিউজকে জানান, একটি তেলবাহী বগি উল্টে গেলে সেখান থেকে ডিজেল ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন বালতি ভরে তেল সংগ্রহ করতে থাকেন। প্রায় এক ঘণ্টার মধ্যে বগিটির তেল শেষ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাকি বগিগুলোর নিরাপত্তা নিশ্চিত করে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের এক কর্মকর্তা মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, প্রতিটি বগিতে ১৬ দশমিক ৫ মেট্রিক টন করে ডিজেল ছিল। এসব তেল পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানির হতে পারে।রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ শুরুর প্রস্তুতি চলছিল। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন রওনা দিয়ে ঘটনাস্থলের নিকটবর্তী হরশপুর স্টেশনে পৌঁছে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছিল।

রেলওয়ের বানুগাছ স্টেশনের সহকারী মাস্টার পলাশ দাশ জানান, ছয়টি বগি যেভাবে দুর্ঘটনায় পড়েছে, তাতে আগামী ১২ ঘণ্টার মধ্যে উদ্ধারকাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। ততক্ষণ সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ থাকবে।