চাঁদপুরের মতলব উপজেলায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি নাশকতার মামলায় যুবদল ও ছাত্রদলের ৬ জন নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১ এপ্রিল) ২০১৪ সালে তৎকালীন সরকারের সময়ের হরতাল ও পিকেটিং সংক্রান্ত একটি মামলায় তারা আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আটককৃতরা হলেন—মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেদ জামান টিপু, মতলব দক্ষিণ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু এবং মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ আরও তিনজন।
এদিকে, দল ক্ষমতায় থাকাকালীন সময়েই পূর্বের মামলায় নেতাকর্মীদের কারাগারে পাঠানোর এই সিদ্ধান্তে তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ কেউ আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্ট দলের হাইকমান্ড গুজব বা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছে এবং সকলকে আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানিয়েছেন, তারা ন্যায়বিচারের আশায় উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করবেন।