Image description

বয়স ৩৮-এর কাছাকাছি। ক্যারিয়ারের সোনালি সময় এরই মধ্যে পেছনে ফেলে এসেছেন। অস্ট্রেলিয়ার হয়ে খেলছিলেন শুধু টি-টোয়েন্টি। 

তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) হয়তো তাকে আর ভবিষ্যৎ পরিকল্পনায় রাখতে চাচ্ছে না।

জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া যে সেই ইঙ্গিতই দিচ্ছে!

 

২০২৬-২৭ মৌসুমের জন্য আজ কেন্দ্রীয় চুক্তিতে ২১ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে সিএ। সেখানে নেই তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের পাশাপাশি তরুণ ওপেনার স্যাম কনস্টাসকেও কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

আগামী এক বছরে ২০টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

এর পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি তো আছেই। ব্যস্ত সূচির বিষয়টি বিবেচনায় নিয়ে একাধিক সংস্করণে নিয়মিত খেলা ক্রিকেটারদের দিকে ঝুঁকেছে সিএ। 

 

ম্যাক্সওয়েলের মতো আরেক সাদা বল বিশেষজ্ঞ ম্যাথু শর্টকেও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া অবসর নেওয়া ওপেনার উসমান খাজা এবং চোটের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া পেসার ল্যান্স মরিসও নেই নতুন চুক্তিতে।

 

চমক হিসেবে জায়গা পাননি পেসার ঝাই রিচার্ডসনও। চার বছর পর অ্যাশেজ সিরিজের বক্সিং ডে টেস্টে খেললেও চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় তার জায়গা হয়নি। 

বরং অ্যাশেজ জয়ী পেসার ব্রেন্ডান ডগেট ও মাইকেল নেসারকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হয়েছেন টপ অর্ডার ব্যাটার জেক ওয়েদারাল্ড। 

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘আগামী ১২ মাসে বিভিন্ন কন্ডিশনে ব্যস্ত টেস্ট সূচি রয়েছে।

সেই বিবেচনায় চুক্তির তালিকায় টেস্টসহ একাধিক সংস্করণে খেলা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে।’

 

আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ মৌসুম; শেষ হবে ২০২৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম টেস্ট বার্ষিকীর ম্যাচ দিয়ে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা: 
জাভিয়ের বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ব্রেন্ডান ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, মাইকেল নেসার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।