Image description

বিরোধী দলীয় নেতা ওয়াক আউট করতে চেয়েছেন, সংসদের সংস্কৃতিতে সেটা আছে। তাদের ওয়াক আউট করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

বুধবার (১ এপ্রিল) সংসদের অধিবেশনে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গণভোটের সংস্কার প্রস্তাব এবং সংবিধান পরিষদ গঠনসংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় ওয়াক আউট করেন। এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল, তার বিপরীতে আমাদের বক্তব্যটা এক-দুই মিনিট রেকর্ডেড থাকা ভালো। যে মুলতবি প্রস্তাবটা আপনার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার প্রিসাইড করেছেন। তিনি গ্রহণ করেছিলেন। তখনই আমি আপত্তি উত্থাপন করেছিলাম। যে এটা ৬৮ বিধিতে হতে পারে। কিন্তু মুলতবি প্রস্তাব—যে রুলস অব প্রসিডিউর আছে, এর মধ্যে আপনি রাইটলি আইডিন্টেফাইড করেছেন, সেটা আমি আগে উত্থাপন করেছি।

 

আইন প্রণয়নের মাধ্যমে যে বিষয় নিষ্পত্তি হতে পারে, সে রকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটা আপনাদের উদারতা। হাউসের অভিভাবক হিসেবে, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত হয়েছে, আপনি আলোচনার জন্য রেখেছেন। সেটা আলোচনার জন্য দুই ঘণ্টা সময় নির্ধারিত হয়েছে। উভয়পক্ষে আলাপ-আলোচনা হয়েছে। কিন্তু এটা যেহেতু বিধিবহির্ভূত এবং আলাপ-আলোচনা হয়ে যাওয়ার পরে সংসদের প্র্যাক্টিস হচ্ছে, ইটস টক আউট আলোচিত হয়েছে। সুতরাং আলোচনার পরে নিষ্পত্তি কী হবে, সে জন্য ভোটাভোটি দেওয়ার বিধান নেই। শুধুমাত্র মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কি না? উত্থাপিত হবে অথবা হবে না—তার ওপরে ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন ভোটাভুটির বিধান দিতেন, তাহলে পরে এই আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো না।

 

 

তিনি বলেন, আরেকটা অপশন আছে, আপনি স্পিকার হিসেবে কোনো মুলতবি প্রস্তাব বিবেচনা করবেন অথবা বিবেচনা করবেন না। আপনি এটা রিড আউট করে। এটা প্রিভিলেইজড হলো, বিরোধী দলের সদস্য কেউ যখন সরকারি কর্ম বাধাগ্রস্ত করতে চায়, ব্রিটিশ সংসদের নজির অনুসারে, ট্রেজারি বেঞ্চে আলোচনা যাতে এগিয়ে না যায়, সেজন্য মুলতবি প্রস্তাব তুলে। তোলার পরে সেটা মুলতবি হলো কি হলো না, সেটা স্পিকারের এখতিয়ার অথবা ভোটাভুটির এখতিয়ার। তখন মুলতবি প্রস্তাবটা আলোচনা না হলেও প্রিভিলেইজডটা হলো যে, তাদের উত্থাপিত বিষয়টা আপনাকে পড়তে হয়, সেটাই।

 

 

 

বিরোধীদলীয় নেতা অসত্য বলেছেন বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা কোনো মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করেনি। তিনি যেটা বলেছেন, সেটা অসত্য বলেছেন। যেটা মুলতবি প্রস্তাব আমিও শুনেছি, আজকে একজন বেসরকারি সদস্য উত্থাপন করতে পারেন, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। যেহেতু একই বিষয়ে আপনি বিরোধী দলীয় নেতার একই বিষয়ে একই ধরনের মুলতবি প্রস্তাব আপনি গ্রহণ করেছেন। এটি প্রেসিডেন্স হিসেবে অ্যাজ এ মেটার অব রাইট। বেসরকারি সদস্য সেটা ক্লেইম করতে পারেন।